মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে আরব আমিরাতে আটকে পড়া ৪০৫ যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি ঢাকায় এসেছে। শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০৫ জন যাত্রী নিয়ে দুবাই থেকে আসা এই ফ্লাইটটি অবতরণ করে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।
এর মধ্যে গত বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বৃহস্পতিবার সকালে ৩৭৮ জন যাত্রী নিয়ে ফিরে আসে ঢাকায়। এই ফ্লাইটে ৩৭৮ জন যাত্রীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ক্রুও ছিলেন।
জানা যায়, ৪৩৬ আসনের এয়ারবাস-এ ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে ইউএস-বাংলার বিশেষ দুটি ফ্লাইট পরিচালিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনস, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে।