নারী এশিয়ান কাপে চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। শুক্রবার (৬ মার্চ) নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৫ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে একটি গোলও করতে পারেননি ঋতুপর্ণারা। তবুও শিষ্যদের নিয়ে গর্ব অনুভব করছেন কোচ পিটার বাটলার।
সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে প্রথম ৪৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ-উত্তর কোরিয়া ম্যাচ গোলশূন্য অবস্থায় ছিল। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ২ মিনিটের ব্যবধানে দ্রুত ২ গোল হজম করে বসে বাংলাদেশ।
এরপর দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল হজম করতে হয় বাংলার মেয়েদের। ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেও হতাশ নন বাটলার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি দুঃখিত বা হতাশ নই। আসলে এই মেয়েদের নিয়ে গর্বিত। অবশ্যই হতাশ নই।’
শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে উত্তর কোরিয়া। মেয়েদের ফুটবলে বাংলাদেশ ১১২ আর উত্তর কোরিয়া ৯ নম্বরে। তাই বড় হারের পরও মেয়েদের নিবেদন নিয়ে খুশি কোচ বাটলার। তিনি বলেন, ‘আচ্ছা, আপনি কি কখনো প্রতিপক্ষ দলের কথা ভেবেছেন যাদের বিরুদ্ধে আমরা খেলেছি? ৩০ মিনিট পর তো ৩, ৪ বা ৫ গোলও হয়ে যেতে পারতো। আমি বিশ্বাস করি মেয়েরা তাদের সবটুকু দিয়েছে। আমরা কেবল যথেষ্ট ভালো ছিলাম না। পজেশনে আমরা ভালো ছিলাম না। পজেশন ছাড়াও আমরা যথেষ্ট পরিশ্রম করিনি।’
৫ গোল হজম করলেও এই ম্যাচেও দুর্দান্ত ছিলেন গোলরক্ষক মিলি। তার প্রশংসা করে বাটলার বলেন, ‘মিলি একজন সত্যিকারের ব্যক্তিত্ব এবং সে একজন সৈনিক। তার পটভূমি বিবেচনা করলে জীবনের প্রতি তার জেদ এবং উদ্দীপনার প্রশংসা আপনাকে করতেই হবে। তার সঙ্গে কাজ করা দারুণ। সে এই সুযোগটি পাওয়ার যোগ্য এবং মেয়েটির জন্য আমার কেবল প্রশংসাই আছে।’