মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ভারতীয় সীমান্ত সংলগ্ন নাওগাড়া মাঠের ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর মরদদেহটি মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। অজ্ঞাত ওই মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।