ইত্তেফাকে সংবাদ প্রকাশের জের

শুরু হলো যমুনা নদীর তীররক্ষা বাঁধের কাজ, জনমনে স্বস্তি

জামালপুরের মাদারগঞ্জে ‘চাঁদাবাজির কারণে’ বন্ধ হয়ে পড়া যমুনা নদীর বাঁধ নির্মাণ কাজ আবারও শুরু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামবাসীর সহযোগিতায় বাঁধের কাজ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করছেন চরপাকেরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজহারউদ্দীন ফকির। তিনি জানান, ঠিকাদারকে হুমকি দেওয়া চিহ্নিত চাঁদাবাজরা সংবাদ প্রকাশের পর গা ঢাকা দিয়েছে। গ্রামবাসীর সহযোগিতায় শুক্রবার সকালে ‘এস্কেলেটর’ দিয়ে মাটি খনন করে সাইট পিপারেশনসহ কাজ শুরু করেন ঠিকাদারের লোকজন।

এর আগে গত বৃহস্পতিবার ‘চাঁদাবাজের ভয়ে বন্ধ যমুনা নদীর তীররক্ষা বাঁধের কাজ’ শিরোনামে ইত্তেফাক অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। ঠিকাদার ‘মোল্লা ট্রেডার্সের’ সৈকত হাসানের অভিযোগের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় একটি চাঁদাবাজ চক্র বিপুল পরিমাণ চাঁদা দাবির পর মেঘনা তীরে বাঁধ নির্মাণ কাজ বন্ধ হয়ে পড়েছে। এতে আসন্ন বর্ষা মৌসুমে নদী ভাঙন ও বন্যার আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয়রা।

গ্রামবাসী জানায়, নদী ভাঙন ও বন্যা থেকে ভিটেমাটি বাঁচাতে যে কোনো মূল্যে তারা বাঁধ নির্মাণ কাজে সহযোগিতা করবে। এতে আগামী বর্ষা মৌসুমে নদী ভাঙন রোধ করা সম্ভব হবে। 

এদিকে রিপোর্ট লেখা পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার সৈকত হাসানের সঙ্গে যোগাযোগ করেও আবারও কাজ শুরুর ব্যাপারে তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।