যারা সংঘাতের সূচনা করেছে তাদের সঙ্গেই মধ্যস্থতা হওয়া উচিত: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে কিছু দেশ মধ্যস্থতার উদ্যোগ শুরু করেছে। তবে মধ্যস্থতা প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে পরিচালিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যারা এই সংঘাতের সূচনা করেছে, জবাবদিহিতা তাদেরই হওয়া উচিত।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, ‘বিষয়টি পরিষ্কার করা দরকার: আমরা এই অঞ্চলে একটি টেকসই শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমাদের জাতির মর্যাদা এবং সার্বভৌমত্ব রক্ষায় আমাদের বিন্দুমাত্র দ্বিধা নেই।’

তিনি আরও যোগ করেন, ‘মধ্যস্থতা তাদের সঙ্গেই হওয়া উচিত যারা ইরানি জনগণকে অবমূল্যায়ন করেছে এবং এই সংঘাতের আগুন জ্বালিয়েছে।’

মাসুদ পেজেশকিয়ানের এই বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে, ইরান শান্তির পক্ষে থাকলেও কোনো প্রকার উসকানি বা সার্বভৌমত্বের ওপর আঘাত মেনে নেবে না এবং সংঘাতের দায় সম্পূর্ণভাবে ওয়াশিংটন ও তেল আবিবের ওপর বর্তায়।