ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এমএ হান্নানকে সংবর্ধনা দিয়েছেন ঢাকায় বসবাসকারী নাসিরনগরবাসী।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকা এ সংবর্ধনা ও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে নাসিরনগর উপজেলা সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ১,৫০০-এরও বেশি নাগরিক অংশগ্রহণ করেন। নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি এমএ হান্নান এমপি বলেন, “জাতীয় সংসদের অধিবেশন শুরু না হলেও নাসিরনগরের উন্নয়ন কাজ নিয়ে আমি সচিবালয়ে কাজ করছি। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আপনারা সহযোগিতা করবেন।” এছাড়া তিনি ঈদের পর নাসিরনগর উপজেলা সমিতির স্থায়ী কার্যালয় স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেন।
নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা, এবং সাধারণ সম্পাদক সৈয়দ মো. সাফিন নবনির্বাচিত সংসদ সদস্যের অবদান স্মরণ করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম পারভেজ ও সহ-সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগ, যেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দ আবদাল আহমেদ, সফি ইউ আহমেদ, ইঞ্জিনিয়ার গাজিউর রহমান, সহ আরও অনেকে। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মোজাম্মেল বশীর।
উল্লেখ্য, এমএ হান্নান বিএনপির নাসিরনগর উপজেলা সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন।