অস্ট্রেলিয়ায় অনুষ্ঠানরত এশিয়ান কাপ নারী ফুটবলে ভারতকে গোলবন্যায় ভাসিয়েছে জাপান। নিজেদের ম্যাচে ১১-০ গোলে হারিয়েছে ভারতকে। এর মধ্যে হ্যাটট্রিক আছে দুই জনের।
'সি' গ্রুপে প্রথম খেলায় ভারত ২-১ গোলে হেরেছিল ভিয়েতনামের বিপক্ষে। সেই খেলায় গোল হজম করে সমতা এনেছিল। কিন্তু খেলা শেষের ইনজুরি টাইমে দ্বিতীয় গোল হজম করে হেরে যায় ভারত। জাপান, ভারত, ভিয়েতনাম এবং চাইনিজ তাইপে লড়াই করছে।
বাংলাদেশের তুলনায় কম শক্তির গ্রুপে পড়েছে ভারত। বাংলাদেশ পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন চীনের সঙ্গে। চীন ৯ বারের চ্যাম্পিয়ন দল। উত্তর কোরিয়া তিনবারের চ্যাম্পিয়ন। এই দুই দলের বিপক্ষে হারলেও তুলনায় বাংলাদেশের রেজাল্ট অনেক ভালো।
চীনের সঙ্গে ২-০ গোলে হেরেছে, এই খেলায় ৪৫ মিনিট পর্যন্ত গোল হজম করেনি। ইনজুরি টাইমে গিয়ে দুই গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটও চীন গোল করতে পারেনি। উত্তর কোরিয়ার বিপক্ষেও ইনজুরি টাইমে গোল হজম করে পিছিয়ে যেতে শুরু করে বাংলাদেশ। আগামীকাল উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ।