মানবাধিকার রক্ষা ও সংরক্ষণে ক্ষমতার করিডোরে থাকা ব্যক্তিদেরও চ্যালেঞ্জ করার সাহস রাখে জাতীয় মানবাধিকার কমিশন বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারপারসন বিচারপতি (সাবেক) মইনুল ইসলাম চৌধুরী।
সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মইনুল ইসলাম চৌধুরী বলেন, জেলে নির্যাতন বা যেকোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখার পূর্ণ এখতিয়ার কমিশনের রয়েছে। মানবাধিকার বিষয়ে গবেষণা এবং ইন্টার্নশিপের মাধ্যমে সচেতনতা তৈরির কাজ দ্রুতই শুরু করা হবে বলেও জানান তিনি।
এ সময় মানবাধিকার সুরক্ষার আইনি কাঠামো আরও শক্তিশালী করার ওপর জোর দেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বৈষম্যবিরোধী আইন পাস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায়নসহ বিভিন্ন বিষয়ে চূড়ান্ত সুপারিশ তুলে ধরে টিআইবি, ব্লাস্ট, সিপিডি, আইন ও শালিস কেন্দ্রসহ মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো।
তারা বলেন, মানবাধিকার কমিশনকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্ত করে নতুন আইন কার্যকর করা এবং এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।