চার গোলে হারের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন বাটলার 

বড় হার দিয়ে এএফসি এশিয়ান কাপ শেষ করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। চীন ও উত্তর কোরিয়ার পর উজবেকিস্তানের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমন বড় হারের পর দলের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন কোচ পিটার বাটলার। 

সোমবার (৯ মার্চ) উজবেকিস্তান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পিটার বাটলার বলেন, ‘আমি এখানে থাকছি না। আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে যাচ্ছি। সেখানে গিয়ে আমার ভবিষ্যৎ নিয়ে ভাববো। আমি কী করতে চাই, সেটি অনেকদিন ধরেই আমার মাথায় ঘুরছে।’

চার গোলের বড় হার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আসলে খারাপ ফুটবল খেলিনি। অনেক সময়ই ভালো ফুটবল খেলেছি। কিন্তু যখন আপনি এমন একটি দলের বিপক্ষে খেলবেন, যারা ফিফা র‍্যাংকিংয়ে আমাদের চেয়ে ৬০–৭০ ধাপ এগিয়ে এবং শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী, তখন পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়।’ 

বাটলার আরও বলেন, ‘তারা ম্যাচ বিশ্লেষণের জন্য টিভি ক্যামেরা ও ভিডিও সরঞ্জাম নিয়ে আসে, যা আমাদের নেই। আমাদের সেই সুবিধা নেই। অনেক সময় মনে হয়, যেন একজন বক্সার এক হাত পেছনে বেঁধে রেখে লড়াই করতে নেমেছে।’

ম্যাচের দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করায় হতাশ বাংলাদেশের কোচ। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে দ্বিতীয়ার্ধে আমাদের রক্ষণভাগ বেশ দুর্বল ছিল। সত্যি বলতে, এক বা দুজন খেলোয়াড় যেন হাল ছেড়ে দিয়েছিল। বিষয়টি আমাকে হতাশ করেছে।’

এই দলের উন্নতির জন্য বিনিয়োগ দরকার উল্লেখ করে বাটলার বলেন, ‘সবার আগে আমাদের বিনিয়োগ দরকার। ভিডিও ইকুইপমেন্ট ও ক্যামেরা দিয়ে শুরু করতে হবে। পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। আপনি যদি বড় দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে বুঝতে হবে—সাফের তুলনায় এই পর্যায়ের ফুটবল অনেক বেশি কঠিন। সাফে আপনি আসলে সেভাবে পরীক্ষিত হন না।’