দিনাজপুরের হিলিতে নাগরিক টিভির হিলি প্রতিনিধি মো. তাহাকিক হাসানকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার (৮ মার্চ) রাতে স্থানীয় সরকারি কলেজ গেটে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহত তাহাকিক জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক তাহাকিক হাসান অভিযোগ করে জানান, গত রোববার রাতে স্থানীয় যুবদলের বহিষ্কৃত সদস্য রিপন আহমেদ কথা বলার জন্য মোবাইল ফোনে আমাকে হাকিমপুর ডিগ্রি কলেজ গেটে ডেকে নেয়। কিছুক্ষণ পর আমি সেখানে পৌঁছালে রিপন কৌশলে কলেজ গেটের ভেতরে নিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রিপন উত্তেজিত হয়ে কোমর থেকে একটি ধারালো লোহার বস্তু দিয়ে আমার ডান চোখের ওপরে সজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং পকেটে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এসময় রিপনের সঙ্গে আরও ৩-৪ জন সন্ত্রাসী ছিল।
তাহাকিক আরও জানান, আমার চিৎকার শুনে লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত ডাক্তার জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হাকিমপুর থানার ওসি মো. জাকির হোসেন জানান, রাতে খবর পেয়ে হাসপাতালে ভিকটিমের সঙ্গে কথা বলেছি এবং তার জবানবন্দি গ্রহণ করেছি। সাংবাদিকের ওপর হামলার এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করা হলে রিপন আহমেদের মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেছে। এই ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
হাকিমপুর পৌরসভা যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজ বলেন- মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে রিপনকে আমরা গত বছরের সেপ্টেম্বরে বহিষ্কার করেছি। তার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখতে বলা হয়েছে।