এহসানুল ইয়াসিনের কাব্যগ্রন্থ ‘আমি আছি বলেই তুমি সুন্দর’

অমর একুশে গ্রন্থমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি এহসানুল ইয়াসিনের কাব্যগ্রন্থ ‘আমি আছি বলেই তুমি সুন্দর’। বইটি প্রকাশ করছে দেশের অন্যতম সৃজনশীল প্রকাশনা সংস্থা জিনিয়াস পাবলিকেশন্স।

পাণ্ডুলিপিটি পাঠ করলে দেখা যায়, সমকালীন বিশ্ব ও বাংলাদেশ মূর্ত হয়ে উঠেছে কবির সমস্ত ক্ষত আর সম্ভাবনা নিয়ে। তিনি যখন ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’ হওয়ার বিড়ম্বনা নিয়ে ব্যঙ্গ করেন, কিংবা ‘রক্তজবা চোখ’ নিয়ে মানুষের পলায়নরেখা আঁকেন, তখন তা কেবল শব্দ থাকে না—হয়ে ওঠে এক জীবন্ত ইতিহাস।

এই কাব্যগ্রন্থে একদিকে যেমন আছে পূর্বপুরুষের ঘাম ও রক্তের উত্তরাধিকার, অন্যদিকে আছে গাজা থেকে শুরু করে নিজের উঠোন পর্যন্ত বিস্তৃত এক বৈশ্বিক হাহাকার। কবি বিশ্বাস করেন, দ্রষ্টা ছাড়া দৃশ্যের কোনো মূল্য নেই। ধ্বংসস্তূপের মাঝেও কবির অস্তিত্ব টিকে আছে বলেই এই পৃথিবী আজও সুন্দরের দাবি রাখে। বইটির নামকরণের মধ্যেই নিহিত রয়েছে এক গভীর অস্তিত্ববাদী দর্শন, যেখানে মানুষের উপস্থিতিকেই মহাবিশ্বের যাবতীয় সুন্দরের মূল উৎস হিসেবে দাবি করা হয়েছে।

দেশবরেণ্য প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ-এর তুলিতে বইটির ভাবগাম্ভীর্য ও আধুনিকতা এক অনন্য রূপ পেয়েছে। কবির শক্তিশালী শব্দশৈলী এবং উপমা-চিত্রকল্পের অভিনব ব্যবহার পাঠকদের এক নতুন কাব্যিক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করাবে। বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষাবিদ সরকার আব্দুল মান্নানের মতে—সহজ উপমা, মৌলিক চিত্রকল্প এবং দ্রোহ ও প্রেমের এক অনন্য রসায়নে ঋদ্ধ এই গ্রন্থটি সমকালীন বাংলা কবিতার ধারায় এক নতুন দিগন্ত। এটি কেবল পাঠ করার জন্য নয়, বরং এই অস্থির সময়ের গহীনে নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য। গত কয়েক দশকে বাংলা কবিতারও যে বাঁকবদল ঘটেছে, এহসানুল ইয়াসিনের আমি আছি বলেই তুমি সুন্দর গ্রন্থের কবিতা পাঠের মধ্য দিয়ে তা অনুধাবন করা যায়।

গ্রন্থটির প্রকাশক হাবিবুর রহমান বলেন, “জিনিয়াস পাবলিকেশন্স সবসময়ই মানসম্মত ও চিন্তাশীল সাহিত্য পাঠকের হাতে তুলে দিতে বদ্ধপরিকর। এহসানুল ইয়াসিনের এই কাব্যগ্রন্থে নাগরিক জীবনের জটিলতার পাশাপাশি এক গভীর মরমী সুর প্রবহমান, যা সমকালীন বাংলা কবিতায় তাকে একটি স্বতন্ত্র পরিচয় দেবে। ধ্রুব এষ-এর অসাধারণ প্রচ্ছদ বইটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।”

বইটি অমর একুশে গ্রন্থমেলা ২০২৬-এ জিনিয়াস পাবলিকেশন্স-এর স্টল এবং দেশের প্রধান প্রধান অনলাইন বুকশপে পাওয়া যাবে। মূল্য: ২০০ টাকা।