আগামী ৩০ এপ্রিল অথবা ১৫ মে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের ৪টি ফ্লোর চালুর সিদ্ধান্ত নিয়েছি। এখানে লিফট আসতে সময় লাগছে। আগামী আগস্ট মাসে আসার সম্ভাবনা রয়েছে। আমরা লিফট আসার অপেক্ষা না করে চারটি ফ্লোর স্বাস্থ্য সেবার জন্য চালু করে দিতে চাচ্ছি। সে ধরনের কর্ম পরিকল্পনা চলছে। সর্বোচ্চ ১৫ মে এর মধ্যে এটি চালু হবে-এমনটাই জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
হাসপাতালে বিদ্যমান চিকিৎসক সংকট নিয়ে আহম্মদ সোহেল বলেন, এটি সারাদেশেরই সমস্যা। তবে পিরোজপুরবাসীর জন্য সুখবর হলো, আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয়তা বিবেচনা করে নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি অকেজো বা সমস্যাযুক্ত যন্ত্রপাতি দ্রুত মেরামত ও স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
একইসঙ্গে আগামী দুই মাসের মধ্যে পিরোজপুরের মানুষ আগের চেয়ে উন্নত চিকিৎসা সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে, পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সিভিল সার্জন মো. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন সদস্যদের নিয়ে সভা করেন তিনি।