ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেয়েন বলেছেন, ‘ইরানের জনগণ স্বাধীনতা, মর্যাদা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার পাওয়ার যোগ্য।’
ইউরোপীয় ইউনিয়নের প্রধানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেন, ‘দয়া করে এই ভণ্ডামি বন্ধ করুন।’
মঙ্গলবার (১০ মার্চ) সামাজিক যোগাযোগমাধম্য এক্স-এ এ মন্তব্য করেন বলে জানায় আল-জাজিরা।
ভন ডের লেয়েনের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করে বাঘাই বলেন, ‘দয়া করে এই ভণ্ডামি বন্ধ করুন। দখলদারিত্ব, গণহত্যা ও নৃশংসতার অনুমোদন দিয়ে— ইতিহাসের ভুল পাশে দাঁড়িয়েই আপনি আপনার রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন। আর এখন ইরানিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন ও যুদ্ধাপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।’
বাঘাই অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব ‘আইনহীনতা ও নৃশংসতার মুখে নীরব থেকেছে’।
বাঘাই মনে করেন এমন কর্মকাণ্ড নৃশংসতার সঙ্গে জড়িত থাকারই শামিল।
তিনি আরও বলেন, ‘মিনাব শহরে যখন ১৬৫ জনের বেশি নিরীহ ইরানি শিশু নির্মমভাবে নিহত হলো, তখন আপনার কণ্ঠ কোথায় ছিল? হাসপাতাল, ঐতিহাসিক স্থাপনা, তেল স্থাপনা, কূটনৈতিক পুলিশ সদরদপ্তর, ফায়ার সার্ভিস স্টেশন এবং আবাসিক এলাকাগুলোকে যখন দুষ্কৃতিমূলকভাবে লক্ষ্যবস্তু করা হয়, তখন আপনি কেন কিছু বলেন না?’