ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, আজ ইরানের ওপর সবচেয়ে তীব্র হামলা চালানো হবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বার্তাসংস্থা এএফপি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

হেগসেথ জানান, আসন্ন হামলায় সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবিমান ও বোমারু বিমান ব্যবহার করা হবে। তবে যুদ্ধ কতদিন চলবে, তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

তিনি বলেন, ‘যুদ্ধ কতদিন চলবে তা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এটা যুদ্ধের শুরু, মাঝামাঝি নাকি শেষ— এ বিষয়ে মন্তব্য করা আমার কাজ নয়।’

এর আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে। তবে এ বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

সংবাদ সম্মেলনে হেগসেথ অভিযোগ করেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লঞ্চারগুলো স্কুল ও হাসপাতালসহ বেসামরিক এলাকায় স্থাপন করছে, যাতে সেগুলো লক্ষ্য করে হামলা চালানো কঠিন হয়ে পড়ে।

তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে ইরানের হামলার মাত্রা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ইরান তাদের সক্ষমতার তুলনায় সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, চলমান অভিযানের একটি প্রধান লক্ষ্য হলো ইরানের নৌবাহিনীর সক্ষমতা দুর্বল করা।

তিনি জানান, সমুদ্রপথে মাইন ব্যবহার করে যাতে ইরান জাহাজ চলাচল ব্যাহত করতে না পারে, সে লক্ষ্যে মার্কিন বাহিনী অভিযান পরিচালনা করছে।

সূত্র: আল–জাজিরা