রমজান মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১১ মার্চ) থেকে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই সিরিজে দর্শকদের জন্য বিনামূল্যে খাবার পানির ব্যবস্থা করা হয়েছে।
বিসিবি সূত্র জানিয়েছে, রোজা রেখে যারা গ্যালারিতে বসে দীর্ঘ সময় খেলা দেখবেন, তাদের স্বস্তির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেডিয়ামের বিভিন্ন পয়েন্টে পানির ব্যবস্থা থাকবে, যাতে দর্শকরা সহজেই তা সংগ্রহ করতে পারেন।
তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। রমজান মাসে বিকেলের দিকে ইফতারের আগ পর্যন্ত গ্যালারিতে থাকা দর্শকদের জন্য বিসিবির এই উদ্যোগ বাড়তি সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।
পানির ব্যবস্থার পাশাপাশি দর্শকদের মাঠে উপস্থিত করতে টিকিটের দামও সাধারণের নাগালে রেখেছে বিসিবি। এই সিরিজের জন্য সর্বনিম্ন টিকিটের মূল্য ২০০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।