ইরানি ফুটবল দলের আরও দুই সদস্য পেলেন অস্ট্রেলিয়ার ভিসা

অস্ট্রেলিয়ায় মানবিক কারণে আরও দুই ইরানি নারী ফুটবল খেলোয়াড় ভিসা পেয়েছেন। এর আগে মঙ্গলবার (১০ মার্চ) সিডনিতে দলের বাকিদের দেশত্যাগের আগে এ ভিসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী টনি বার্ক।

এরইমধ্যে ভিসা পাওয়া সদস্য সংখ্যা দাঁড়াল সাতজনে— এর মধ্যে ছয়জন খেলোয়াড় এবং একটি সাপোর্ট টিমের সদস্য রয়েছেন।

বার্ক জানিয়েছেন, বেশির ভাগ ইরানি প্রতিনিধি দলের সদস্যকে সরকারি কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়েছিল। এই সাক্ষাৎকার চলাকালে নিরাপত্তার জন্য পুলিশ উপস্থিত ছিলেন যাতে তারা ইরানি প্রশাসক বা মনিটরদের প্রভাব থেকে আলাদা থাকতে পারেন।

বার্ক বলেন, ‘বাকি খেলোয়াড় এবং সাপোর্ট টিমের বেশির ভাগ সদস্যকে আলাদা রুমে নেওয়া হয়েছিল, কোনো মনিটর ছাড়াই, কেবল তারা, হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং একজন অনুবাদক উপস্থিত ছিলেন। তাদের সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কোনো চাপ বা দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়নি।’

এর আগে ইরানি কর্মকর্তারা অস্ট্রেলিয়াকে সমালোচনা করেছেন এবং অভিযোগ করেছিলেন, দেশটি খেলোয়াড়দেরকে আবেগের প্রলোভন দেখিয়ে নিজেদের দেশে না ফেরার জন্য প্রলুব্ধ করছে।

বার্ক জানান, ভিসা প্রদানের আগে তিনি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং নিশ্চিত করেছেন, খেলোয়াড়রা অস্ট্রেলিয়ায় সুরক্ষিত থাকতে পারবেন।

একটি স্থানীয় সকার ক্লাবও ইতিমধ্যেই এই খেলোয়াড়দের নতুন দেশে মানিয়ে নেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে।