সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য হুমায়ুন কবিরের বিরুদ্ধে।
বুধবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হুমায়ুন কবির জামতৈল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম ছারোয়ার জানান, আমরা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় ছিলাম। ইউনিয়ন পরিষদে এসে দেখি চেয়ারম্যানের চেয়ার, ডেস্ক টেবিলসহ আরও কয়েকটি আসবাবপত্র ভাঙচুর করেছে হুমায়ুন কবির।
প্যানেল চেয়ারম্যান গোলাম ছারোয়ার আরও জানান, আমি পরিষদে না থাকায় মদপানের টাকা না পেয়ে এমন ঘটনা ঘটিয়েছে ইউপি সদস্য হুমায়ুন। মাঝেমধ্যেই মদ খাওয়ার টাকার জন্য এসে হুমকি ধমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমায়ুন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কামারখন্দ থানার ওসিকে জানিয়েছি।
অভিযুক্ত ইউপি সদস্য হুমায়ুন কবির মুঠোফোনে জানান, চেয়ারম্যান নানা অনিয়ম করলে তাকে বললে কাজ হয় না তাই ভাঙচুর করেছি। এসময় চেয়ারম্যানকে গালিগালাজ করতে থাকেন ইউপি সদস্য।
কামারখন্দ থানার ওসি হাশমত আলী জানান, জামতৈল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, জামতৈল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের ঘটনায় চেয়ারম্যানকে থানায় জিডি করতে বলা হয়েছে একইসঙ্গে প্রশাসনিক কর্মকর্তাকে ইউএনও বরাবর একটি চিঠি দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।