ট্রাকে পাচারের পথে টিসিবির তেল-ডাল-ছোলা জব্দ 

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ডধারীদের জন্য বরাদ্দ করা পণ্য বিতরণ না করে সরিয়ে নেওয়ার সময় ট্রাকভর্তি টিসিবি পণ্য জব্দ করা হয়েছে। এই ঘটনায় ওই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে টিসিবি।

বুধবার (১১ মার্চ) টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

টিসিবির কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টিসিবির পণ্য বিক্রি না করে তা নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একটি ট্রাক আটক করে। খবর পেয়ে টিসিবির দায়িত্বরত কর্মকর্তারা ঘটনাস্থলে যায় এবং সেখানে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ভোক্তাদের মধ্যে পণ্য বিতরণ না করে গোপনে ট্রাকে করে সরিয়ে নেওয়ার চেষ্টার বিষয়টি সামনে উঠে আসে। এই ঘটনায় টিসিবির ডিলার খলিলুর রহমানের ‘মেসার্স পানামা এন্টারপ্রাইজের’ বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টিসিবির কর্মকর্তারা।

নগরীতে রমজানে প্রতিদিন ১৫ ট্রাকের মাধ্যমে পাঁচটি পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিটি প্যাকেজে দুই লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি, ছোলা বুট এক কেজি ও এক কেজি খেজুর রয়েছে; যার মূল্য ৫৯৫ টাকা।

টিসিবির সহকারী পরিচালক শতদল মন্ডল বলেন, রমজানে টিসিবির যে প্যাকেজ পণ্য দেওয়া হয় জনসাধারণকে, তার প্রায় ২০০ প্যাকেজ ছিল সেখানে, যা জব্দ করা হয়। পাশাপাশি পুরো বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।