হাটহাজারীতে অভিযানে চারটি দেশীয় একনলা বন্দুক-গোলাবারুদসহ উদ্ধার বিভিন্ন অস্ত্র, আটক ১

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের অভিযানে চারটি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড কার্তুজসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. এরশাদ (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১১ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান। মঙ্গলবার (১০ মার্চ) পুলিশি অভিযানে বিভিন্ন অস্ত্র উদ্ধারে করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) এর নেতৃত্বে হাটহাজারী মডেল থানার একটি আভিযানিক দল উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ উদালিয়া এলাকার ঢালার মুখ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে জাফর জমিদারের মালিকানাধীন একটি টিনশেড ভাড়া ঘর থেকে মো. এরশাদকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য ও দেখানো মতে ওই ঘরের ভেতর থেকে চারটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ, চারটি কুড়াল ও দুটি দা উদ্ধার করা হয়।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, ‘এ ঘটনায় আটক মো. এরশাদসহ পলাতক আরও দুই সহযোগীকে আসামি করে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।’

তিনি আরও জানান, আটক আসামি মো. এরশাদকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।