ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরার সময় দুই বস্তা সরকারি ওষুধ পাওয়া গেছে। খবর পেয়ে থানা পুলিশ ওষুধগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বুধবার (১১ মার্চ) সকালে দিকে উপজেলার তেঁতুলিয়া গ্রামের তেঁতুলিয়া বাজার সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে ওষুধগুলো উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বেলা এগারোটার দিকে স্থানীয় জেলেরা ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় জেলেরা জালের ভিতর দুটি বড় পাটের বস্তা দেখতে পেয়ে গফরগাঁও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তাদের উপস্থিতিতে বস্তার মুখ খুলে ভেতরে সরকারি হাসপাতালের বিভিন্ন প্রকারের ওষুধ পাওয়া যায়। ওষুধগুলোর প্যাকেটের লেভেলে ‘সরকারি সম্পত্তি বিক্রির জন্য নহে’ লেখা রয়েছে। পুলিশ ওষুধ ভর্তি দুটি বস্তা থানায় নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘বস্তা ভর্তি ওষুধগুলো আমার সময়ের না। আগের হতে পারে। ওই সময় কেউ হয়তো নদীতে ফেলে থাকতে পারে।’
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আ স ম আতিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’