যুদ্ধ পরিস্থিতিতে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী শ্রমিক দেশে ফিরতে বাধ্য হলে তাদের কর্মসংস্থান ও ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বুধবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পরিস্থিতির অবনতি হলে এবং প্রবাসীরা দেশে ফিরে এলে তাদের কল্যাণে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারি দল, বিরোধী দল ও নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশ একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার সবার জন্য কাজ করছে এবং দেশের মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

ইফতার মাহফিলে স্থানীয় সংসদ সদস্য আবুল কালামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।