বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ২০০ ডলারে পৌঁছানোর সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ইরানে হামলা বাড়তে থাকলে তেলের দাম ২০০ ডলারে যেতে পারে—ইরানি এক কর্মকর্তা এমন সতর্কবার্তার পর তিনি এই প্রতিক্রিয়া জানান।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস রাইট বলেন, “এমনটি হওয়ার সম্ভাবনা কম। তবে আমরা এখন সামরিক অভিযান পরিচালনা এবং এই সমস্যার সমাধানের দিকেই বেশি মনোযোগী।”
এর আগে বুধবার ইরানের সামরিক বাহিনীর খাতামুল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি সতর্ক করে বলেছিলেন, যুদ্ধের তীব্রতা বাড়তে থাকলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে।
এদিকে বৃহস্পতিবার সিএনবিসিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও কথা বলেন ক্রিস রাইট। তিনি জানান, বর্তমানে মার্কিন নৌবাহিনী ওই প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা পাহারা (এসকর্ট) দিতে পারছে না। তবে চলতি মাসের শেষ নাগাদ এমন ব্যবস্থা চালুর ‘বেশ সম্ভাবনা’ রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ না করলে জ্বালানি পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এই ঘোষণার পর প্রণালিটিকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে এবং পাল্টাপাল্টি হামলার ঘটনাও বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে ইতোমধ্যে অস্থিতিশীল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার এবং শেয়ারবাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।