শত্রু বা মিত্রবাহিনী নয়, নিজেদের বিমানের সংঘর্ষে জ্বালানি ট্যাংঙ্কার বিমান বিধ্বস্ত: সেন্টকম

ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে ঘিরে পরিচালিত সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় পশ্চিম ইরাকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেসের

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল একটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার। যা আকাশে অন্য যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। ঘটনাটি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘এপিক ফিউরি’ চলাকালে ঘটে।

সেন্টকম জানায়, দুর্ঘটনাটি শত্রুপক্ষের হামলা বা মিত্রবাহিনীর ভুলবশত গুলিবর্ষণের কারণে ঘটেনি।

এক বিবৃতিতে বলা হয়, ঘটনাটির সঙ্গে দুটি উড়োজাহাজ জড়িত ছিল। এর মধ্যে একটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও অন্যটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পড়া বিমানটিকে সামরিক বাহিনী ‘ক্ষয়ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছে এবং এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সেন্টকম আরও জানায়, পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। একই সঙ্গে তারা উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে, যাতে সংশ্লিষ্ট সেনা সদস্যদের পরিবারের কাছে স্পষ্ট তথ্য দেওয়া যায়।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ঘটনাটির সঙ্গে জড়িত দ্বিতীয় উড়োজাহাজটিও একটি কেসি-১৩৫ ট্যাংকার ছিল।

এদিকে দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় জিম হিমস বলেছেন, ঘটনার কারণ নির্ধারণের জন্য এখনো খুবই প্রাথমিক পর্যায় চলছে। বিবিসির সঙ্গে কথা বলার সময় তিনি আশা প্রকাশ করেন, বিমানে থাকা ক্রুরা নিরাপদে রয়েছেন।

তিনি বলেন, যুদ্ধের সময় এমন দুর্ঘটনা অনেক ক্ষেত্রে অনিবার্য হয়ে ওঠে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর ক্ষেত্রেও দুর্ঘটনা এড়ানো সব সময় সম্ভব হয় না।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত চতুর্থ বিমান দুর্ঘটনার ঘটনা এটি। যুদ্ধের শুরুতে তিনটি এফ-১৫ই স্টাইক ঈগল যুদ্ধবিমান ভুলবশত কুয়েতি বাহিনীর গুলিতে ভূপাতিত হয়। তবে ওই তিন বিমানের ছয়জন ক্রু নিরাপদে ইজেক্ট করে পরে উদ্ধার হন।

ইরানের সঙ্গে এই যুদ্ধে এখন পর্যন্ত সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া প্রায় ১৪০ জন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পেন্টাগন।