ইফতারের পর স্ত্রীকে গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে গৃহবধূর গায়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।

সর্বশেষ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ওই মামলায় স্বামী মাহবুব আলমকে (২২) গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়াইহাজার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার নগর ডৌকাদি গ্রামে এই ঘটনা ঘটে।

পরে মামলার পরপরই স্বামী মাহাবুবকে  আটক করেছে পুলিশ।

ভুক্তভোগীর বাবা মো. হাসান আলী জানান, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তার মেয়ের সঙ্গে মাহবুব আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি দুই লাখ টাকা ও স্বর্ণালংকার যৌতুক দাবি করে তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। আর্থিক অসচ্ছলতার কারণে ওই যৌতুক দিতে না পারায় বিভিন্ন সময় মারধর করা হতো বলেও তিনি অভিযোগ করেন।

অভিযোগ করে তিনি আরও জানান, বৃহস্পতিবার ইফতারের পর রান্নাঘরে কাজ করার সময় স্বামী মাহবুব আলম ও শাশুড়ি নাছিমা বেগম মিলে কিশোরী উর্মি আক্তারের গায়ে গরম পানি ঢেলে দেয়। ঘটনার সময় মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে মুঠোফোনে খবর পেয়ে ভুক্তভোগীর বাবা-মা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। তার পিঠের অর্ধেক অংশ ও বাম হাতের অর্ধেক ঝলসে যায়।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার বলেন, এ ঘটনায় দেওয়া ভুক্তভোগী গৃহবধূর বাবা অভিযোগ করেছেন। অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। স্বামী মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।