খিলক্ষেতে হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীর খিলক্ষেতের একটি অভিজাত হোটেলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

দগ্ধরা হলেন—মনসুর আলী (৩২), আব্দুল মতিন (৬৭), মোহাম্মদ মাহি (১৭) ও আব্দুল জলিল (৬৭)। তারা সবাই হোটেলটির কর্মী। চিকিৎসকদের মতে, তাদের মধ্যে মনসুর আলীর অবস্থা গুরুতর।

আহতদের সহকর্মী মোহাম্মদ ইমরান জানান, সকালে হোটেল ভবনের নিচতলায় এসি মেরামতের কাজ চলছিল। এ সময় হঠাৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে সেখানে থাকা চারজন দগ্ধ হন। তারা হোটেলের কারিগরি ও রক্ষণাবেক্ষণ বিভাগের সঙ্গে যুক্ত।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মনসুরের শরীরের ২১ শতাংশ, মতিন ও মাহির ৫ শতাংশ করে এবং জলিলের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় মনসুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।