ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন (৩৫) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে পৌরসভার বড়বামনদহ এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানান, রোববার সকালে আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের খোকন মিয়ার ইটভাটা থেকে একটি নাটা হাম্বার (ট্রলি) দিয়ে ইট নিয়ে বড়বামনদাহের মালিথাপাড়া এলাকায় আসে। সেখান থেকে ফেরার পথে ট্রলিটি রেললাইনের ওপর উঠলে রাজশাহী থেকে আসা খুলনা অভিমুখী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রলিটিতে ধাক্কা দেয়। এতে ট্রলিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আলাউদ্দিন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, বড়বামনদহ এলাকার ওই রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিষয়টি পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।