নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় নিহত বেড়ে ৩, পাশাপাশি কবরে বাবা-ছেলে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৃষ্ট দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

এ ঘটনায় সর্বশেষ (১৫ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় লিয়ন মোল্লার মৃত্যু হয়। এর আগে শনিবার এই দুর্ঘটনায় লিয়ন মোল্লার বাবা আরফান মোল্লা এবং ইলেকট্রিক মিস্ত্রী সাদিকুর রহমানের মৃত্যু হয়।

নিহতদের সবার বাড়ি গোলাকান্দাইল এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার নিজের নির্মাণাধীন ভবনের ছাদে স্টিলের পাইপ বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আরফান মোল্লা। এ সময় পাইপটি পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে দুর্ঘটনার সূত্রপাত। এ সময় পাশে থাকা তার ছেলে লিয়ন মোল্লা ও  মিস্ত্রী সাদিকুর রহমান বাড়ির মালিক আরফান মোল্লাকে রক্ষা করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হন। পরে ঘটনাস্থলেই আরফান মোল্লার মৃত্যু হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান সাদিকুর। সর্বশেষ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় লিয়ন মোল্লার মৃত্যু হয়। 

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আরফান মোল্লা ও নিয়ন মোল্লা সম্পর্কে বাবা ছেলে। রোববার বিকেলে তাদের দুজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।