সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

রংপুরে সার কালোবাজারির ঘটনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্মকর্তাসহ ৪ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার বিকেল ৪টায় পান্ডারদিঘী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বিএডিসি কালিবাড়ি কেল্লাবন্দ সার গোডাউনের উপ-সহকারী পরিচালক জিয়াউর রহমান (৪১), সার গুদাম শ্রমিক সর্দার আশরাফ ওরফে কাল্লু (৫৫), মাহিগঞ্জ নাছনেয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে মমদেল হোসেন (৫২) ও ডিমলা ধুমকাটিয়া এলাকার স্বদেশ কুমার রায়ের ছেলে লিটন কুমার রায় (৫০)।

পুলিশ জানায়, গত ১৯ জানুয়ারি পরশুরাম থানার গেটের সামনে অভিযান চালিয়ে ট্রাকে পরিবহন করা ২১৪ বস্তা সরকারি সারসহ চালক মানিক মিয়াকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পরশুরাম থানায় সার ব্যবস্থাপনা আইনে মামলা হলে গ্রেপ্তার হওয়া মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদসহ সার কালোবাজারি সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করে পুলিশ। সর্বশেষ রোববার অভিযান চালিয়ে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৮ মার্চ গাইবান্ধা সুন্দরগঞ্জের বেলকা এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার আসামি মানিক মিয়াসহ সংশ্লিষ্ট আসামিরা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।