দখলদাররা প্রভাবশালী নয়, তারা দুষ্কৃতিকারী: কৃষিমন্ত্রী

যারা খাল দখল করেছে তারা প্রভাবশালী নয়, বরং অন্যায়কারী ও দুষ্কৃতকারী বলে মন্তব্য করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, কোন আমলে দখলের উৎসব চলেছে, তাই অনেকে গা ভাসিয়ে খাল নদী দখল করেছেন। এসব দখলদারিত্ব ছেড়ে দিতেই হবে।’

সোমবার (১৫ মার্চ) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী সরকারের খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ওই খালের ৫৩০০ মিটার এলাকা খননের কাজ শুরু করা হয়েছে।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশাঁরি চর মাঠ থেকে ডাকাতিয়া নদী পর্যন্ত এই খালটি খনন জন্য বিএডিসি নির্ধারণ করেছে। এর ফলে ৪২টি গ্রামের প্রায় ২৫০০ কৃষি পরিবার সরাসরি উপকৃত হবে। জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে ২ হাজার হেক্টর কৃষি জমি। খালের আশপাশের তিন ফসলি জমিগুলো বর্ষায় জলাবদ্ধতায় শিকার হয়। এই খাল খননের ফলে এসব জমিতে আবারও তিন ফসল উৎপাদন করা যাবে।

স্থানীয় কৃষক অলিউল্লাহ বলেন, ‘এটা আমাদের জন্য উপকার। তিন ফসল করতে পানিও পাওয়া যাবে আবার বর্ষায় পানি নেমেও যাবে। তবে এটা যেন আবার ভরাট না হয়।’

স্থানীয়দের মতে, খালটি ভরাট হয়ে সরু হয়ে যাওয়ায় দীর্ঘকাল ধরে জলাবদ্ধতার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল। এখন এই খালটি পুনরায় খনন করা হলে তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।