ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটির তালিকায় দুই ঈদকে অন্তর্ভুক্ত করতে বিল উত্থাপন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহাকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করতে একটি বিশেষ বিল উত্থাপন করা হয়েছে। অঙ্গরাজ্যটির আইনপ্রণেতা ম্যাট হ্যানি সম্প্রতি এ প্রস্তাব উত্থাপনের ঘোষণা দেন। বিলটি পাস হলে ক্যালিফোর্নিয়ায় দুই ঈদের দিন আনুষ্ঠানিক সরকারি ছুটির স্বীকৃতি পাবে।

যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ও ঈদুল আযহাকে বড়দিনের মতো একই মর্যাদায় স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিনের। তারই প্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী প্রায় পাঁচ লাখের বেশি মুসলিম মার্কিনদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে দুই ঈদকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
 
এ লক্ষ্যে ডেমোক্র্যাটিক পার্টির অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি ‘এবি ২০১৭’ নামে একটি বিশেষ বিল উত্থাপন করেছেন।
 
প্রস্তাবিত বিলটি পাস হলে ক্যালিফোর্নিয়ার সব সরকারি স্কুল ও কমিউনিটি কলেজে বছরে দুই দিন ঈদের ছুটি থাকবে। পাশাপাশি সরকারি কর্মচারীরাও তাদের অর্জিত বা ব্যক্তিগত ছুটির বিনিময়ে ঈদের দিনগুলোতে ছুটি ভোগ করতে পারবেন বলে বিলে উল্লেখ করা হয়েছে।