ঝড়ে ডুবোচরে আটকা লঞ্চের ১০৪ যাত্রীকে উদ্ধার করলো কোস্টগার্ড

ভোলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবোচরে আটকে যাওয়া ‘এমভি সুগন্ধা’ নামের একটি যাত্রীবাহী লঞ্চের ১০৪ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

ঈদ উপলক্ষে বাড়ি ফেরার পথে মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে চাঁদপুরের হাইমচর সংলগ্ন চর ভৈরবী এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তারা। উদ্ধারকৃত যাত্রীদের রাত সাড়ে ১০টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাটে পৌঁছে দেওয়া হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে প্রবল বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চটি চরে আটকে পড়ে। এ সময় লঞ্চের একজন যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাহায্য চাইলে বিষয়টি কোস্টগার্ডের নজরে আসে। খবর পাওয়ার পরপরই কোস্টগার্ডের কালিগঞ্জ স্টেশন দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার অভিযানে কোস্টগার্ডের সদস্যরা ট্রলারযোগে আটকে পড়া ১০৪ জন যাত্রীকে সফলভাবে সরিয়ে আনেন। দীর্ঘ সময়ের উৎকণ্ঠা শেষে যাত্রীদের নিরাপদে ইলিশা ঘাটে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছেৎ

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।