মোহামেডান ডাকলে সাড়া দিতে প্রস্তুত তামিম 

জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর ঘরোয়া লিগ খেলে যাচ্ছিলেন তামিম ইকবাল। গেল বছর ঢাকা লিগে খেলেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। অসুস্থতার কারণে আর তার মাঠে ফেরা হয়নি সাবেক এই টাইগার অধিনায়কের। বর্তমানে ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করতে চান তামিম। 

কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তামিম। এবার মোহামেডান ক্লাবের যেকোনো সাংগঠনিক দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ মার্চ) বিএনপি নেতা মির্জা আব্বাসের জন্য দোয়া মাহফিলে হাজির হয়ে তামিম বলেন, ‘সংগঠক হিসেবে কাজ করা নিয়ে আমি আসলে ওভাবে এখনো কিছু চিন্তা করিনি। তবে মোহামেডানের যদি কখনো মনে হয় যে আমাকে নিলে ক্লাবের জন্য ভালো হবে, তবে তারা যেকোনো সময় ডাকলে আমি চলে আসব। এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার।’

দেশের ক্রীড়াঙ্গনে ক্লাবগুলোর ভূমিকার কথা উল্লেখ তিনি আরও বলেন, ‘মোহামেডান অনেক বড় ক্লাব বাংলাদেশে। তাদের অনেক অবদান। মাহবুব ভাই, লোকমান ভাই মোহামেডান ক্লাবের সঙ্গে যোগ দিয়েছেন আমার জন্মের আগে। মোহামেডান, আবাহনীসহ বড় ক্লাবগুলোর আমাদের মতো ক্রিকেটার, ফুটবলার বা হকি খেলোয়াড়দের দেওয়া ছাড়া তো পাওয়ার মতো কিছু নাই।  তাদের একটাই আশা, তা হলো ট্রফি। বিনিময়ে তারা শুধু যথাযথ সম্মানটুকু চায়।’