ছাতকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

ছাতকে নিখোঁজের ১০দিন পর তারেক আহমদের (১৭) কংকালসার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর গ্রামের হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তারেক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডিগারকান্দি গ্রামের মুজিবুর রহমানের পুত্র ও গোবিন্দগঞ্জ সুহিতপুর গ্রামস্থ সালাম ব্রাদার্স নামের একটি বাড়ির কেয়ারটেকার ছিল। গত ২৭ জুলাই গোবিন্দগঞ্জ এলাকা থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় ২৮ জুলাই নিখোঁজ তারেকের পিতা মুজিবুর রহমান ছাতক থানায় একটি জিডি(নং- ১২৫৯) করেন।

জানা যায়, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বানারশিপুর গ্রামের মবশ্বির আলীর পুত্র জামাল উদ্দিন মালিকানাধীন গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন সুহিতপুর গ্রামে সালাম ব্রাদার্স নামীয় একটি বহুতল বাড়িতে পরিচ্ছন্ন কর্মীর কাজ করতো তারেক। সোমবার সন্ধ্যায় সুহিতপুর গ্রামের হাওরে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে কংকালসার লাশ উদ্ধার করে। লাশের পাশে থাকা একটি কালো রংয়ের শার্ট দেখে তারেকের বাবা তার ছেলের লাশ বলে দাবি করেছেন।

আরও পড়ুন: বোদা হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি

পুলিশ সুপার বরকত উল্যাহ খান, এএসপি সার্কেল বিল্লাল আহমদ, ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইত্তেফাক/নূহু