ইরানে যুদ্ধসংক্রান্ত ভিডিও ফুটেজ ও তথ্য ফাঁসের অভিযোগে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় আলবোরজ প্রদেশে অন্তত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)। খবর আলজাজিরার
বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ—তারা চলমান যুদ্ধের ভিডিও ফুটেজ ‘শত্রুভাবাপন্ন নেটওয়ার্কে’ পাঠিয়েছে। এ বিষয়ে আলবোরজ প্রদেশের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন যে কোনো তথ্য আদান-প্রদান কঠোরভাবে দমন করা হবে।
যুদ্ধ শুরুর পর থেকেই ইরানি কর্তৃপক্ষ দেশের ভেতরে ও বাইরে বসবাসরত নাগরিকদের বারবার সতর্ক করে আসছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকদের বলছে, চলমান সংঘাতের প্রেক্ষাপটে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতেই এমন কঠোর পদক্ষেপ নিচ্ছে তেহরান।