রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে এবারও ঈদের জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। যেখানে একসঙ্গে ২৫ হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
ঢাকা উত্তর সিটির প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ঈদের জামাত উপলক্ষে মাঠে স্টিল ফ্রেমের প্রধান প্যান্ডেল নির্মাণ করা হয়েছে, যেখানে একসঙ্গে প্রায় ৮ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। এর দুই পাশে বাঁশের প্যান্ডেলে আরও প্রায় ২ হাজার মুসল্লির জায়গা রাখা হয়েছে। এছাড়া মূল প্যান্ডেলের উত্তর পাশে ৫০০ নারীর জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
মূল তাঁবুর বাইরে পূর্ব পাশে খোলা মাঠে ত্রিপল বিছিয়ে আরও প্রায় ১৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ত্রিপল বিছানোর জন্য ৩০ জন কর্মী নিয়োজিত থাকবেন।
মাঠে প্রবেশের জন্য দুটি ফটক থাকবে—চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের দিক দিয়ে সাধারণ মুসল্লিরা প্রবেশ করবেন এবং উত্তর পাশ দিয়ে ভিআইপিদের প্রবেশের ব্যবস্থা থাকবে। পশ্চিম পাশে রাখা হয়েছে ভিআইপি গাড়ি পার্কিংয়ের স্থান।
সুবিধার জন্য প্রধান প্যান্ডেলে ২৫০টি সিলিং ফ্যান ও ১০০টি স্ট্যান্ড ফ্যান বসানো হচ্ছে। এছাড়া ১৬ জোড়া সাউন্ড সিস্টেম ও ৩২টি মাইক ব্যবহার করা হবে।
ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, ঈদ জামাতের পুরো আয়োজনের জন্য প্রায় ৫০ লাখ টাকা ব্যয় করা হচ্ছে।
বুধবার এ প্রস্তুতি পরিদর্শন করে ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, মুসল্লিদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় স্টিল স্ট্রাকচারের ওপর শেড তৈরি করা হয়েছে।
নগরবাসীকে এ জামাতে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি।