রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কা, ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলব্রিজের সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের ছাদের ওপর থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী লোকাল (শাটল) ট্রেনটি ব্রিজের কাছে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

রেলও‌য়ে পু‌লিশ সূত্রে জানা যায়, পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী লোকাল (শাটল) ট্রেনটি কালিকাপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা ওই যুবক ব্রিজে ধাক্কা খেয়ে ট্রেনের ওপরই পড়ে থাকেন। প‌রে ট্রেনটি কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় মরদেহটি ছাদ থেকে নামানো হয়।

কালুখালী জংশনের সহকারী স্টেশন মাস্টার রতন সেন বলেন, স্টেশনে পৌঁছানোর পর ছাদের ওপর মরদেহ দেখতে পাওয়া যায় এবং পরে সেটি স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়েছে। 

রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) লিটন জানান, ট্রেনের ছাদে থাকা যুবক ব্রিজে ধাক্কা খেয়ে ট্রেনের ওপরই পড়ে যান। পরে ট্রেনটি কালুখালী জংশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।