যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় আর বাসের জন্য দীর্ঘ প্রতীক্ষা- ঈদের আগে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের চেনা চিত্র এটিই। তবে এবার ভিন্ন এক দৃশ্য দেখা গেল। ঈদযাত্রার শেষ দিনে শুক্রবার (২০ মার্চ) দূরপাল্লার যাত্রী না থাকায় কাউন্টারের ভেতরে অলস সময় কাটাচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। কেউবা আবার কাউন্টার ছেড়ে রাস্তায় নেমে যাত্রীর খোঁজে হাঁকডাক দিচ্ছেন। তবু কাঙ্ক্ষিত ঘরমুখো মানুষের দেখা মিলছে না।

আজ দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, পুরো বাস টার্মিনালই তেমন যাত্রী নেই। অল্প সংখ্যক যাত্রী এলেও তারা মূলত অগ্রিম টিকিট কাটছেন। ফলে বাসের সিট পূর্ণ করতে বিভিন্ন কাউন্টার মাস্টারকে বাইরে এসে যাত্রী খুঁজতে দেখা যাচ্ছে।

নির্দিষ্ট গন্তব্যের যাত্রী পেলেই দ্রুত বাস ছাড়ার চেষ্টা করছেন তারা। তবে অনেক বাস নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পর্যাপ্ত যাত্রী না পেয়ে তাদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকছে।

কাউন্টারের সামনে যাত্রী না থাকায় বাইরে এসে টিকিট হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় উত্তরা ইউনিকের কাউন্টার মাস্টার মো. রাসেলকে। তিনি বলেন, ‘আজ একেবারেই যাত্রী নেই। কাউন্টার থেকে বেরিয়ে যাত্রী খুঁজছি কারণ আয়-উপার্জন নেই, এখনো বেতন-বোনাসও পাইনি। একটি বাস ঢাকা ছাড়লেও ফেরার পথে পুরো খালি আসতে হয়। এতে মালিকের ১০ থেকে ১২ হাজার টাকা লোকসান হয়। মালিকের লোকসান মানে আমাদেরও ক্ষতি।’

বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ প্রসঙ্গ তিনি বলেন, ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। মূলত যাত্রীরা পথের মাঝামাঝি নামলেও নিয়ম অনুযায়ী পুরো পথের ভাড়া দিতে হয়। এছাড়া বাড়তি কিছু নেওয়া হয় না। এবার লোকজন আগেভাগেই ঢাকা ছাড়ায় এখন যাত্রীচাপ কমে গেছে।

এ বিষয়ে পরিবহন শ্রমিকরা জানান, আজ যাত্রী নেই বললেই চলে। তাই কাউন্টারে বসে না থেকে বাইরে এসে যাত্রী খুঁজতে হচ্ছে। গাড়ি ভরলেই কেবল গন্তব্যের উদ্দেশে ছাড়তে পারবেন তারা।

এদিকে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, শেষ দিনে ভিড় কম থাকায় সহজেই টিকিট পাচ্ছেন তারা। তবে নির্দিষ্ট সময়ের বাস না পেয়ে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে। এ সময়েও ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কোনো কোনো যাত্রী।

এবারের ঈদযাত্রায় মানুষ আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করায় শেষ দিনে যাত্রীসংখ্যা অস্বাভাবিকভাবে কমে গেছে। ফলে পরিবহনের সংখ্যা থাকলেও যাত্রীসংকট দেখা দিয়েছে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।