ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ফের হামলা

ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জে আবারও হামলার ঘটনা ঘটেছে। এর আগে যুদ্ধের প্রথম সপ্তাহেই স্থাপনাটিতে আঘাত হানা হয়েছিল, যেখানে স্যাটেলাইট ছবিতে একাধিক ভবনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। খবর আলজাজিরার

শনিবার (২১ মার্চ) ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, নাতাঞ্জে অবস্থিত শহীদ আহমাদি রোশন সমৃদ্ধকরণ স্থাপনাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপরাধমূলক হামলার’ অংশ হিসেবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সংস্থাটি আরও দাবি করেছে, শনিবারের এই হামলা আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তিসহ (এনপিটি) বিভিন্ন নিরাপত্তা বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

রাজধানী তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই পারমাণবিক স্থাপনাটি এর আগেও একাধিকবার হামলার শিকার হয়েছে। ২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে ইসরায়েল প্রথমে এখানে বিমান হামলা চালায়, পরে যুক্তরাষ্ট্রও একই স্থাপনায় আঘাত হানে।

এদিকে, প্রায় তিন সপ্তাহ ধরে চলমান সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলের দাবি, শনিবার ভোরেও ইরান তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। অপরদিকে সৌদি আরব জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে—যেখানে গুরুত্বপূর্ণ তেল স্থাপনা রয়েছে—মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।