ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ সবচেয়ে বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী

ফ্যাসিবাদ পতনের পর মুক্ত পরিবেশে উদযাপিত হওয়ায় এবারের ঈদ সাধারণ মানুষের জন্য বেশি আনন্দ ও স্বস্তির বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (২১ মার্চ) লালমনিরহাট শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “ফ্যাসিবাদ পতনের পর এবার আমরা মুক্ত ও স্বাধীন পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পেরেছি। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ বেশি।”

তিনি আরও বলেন, সরকার সারা বছর সাধারণ মানুষের পাশে থাকতে চায় এবং নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করছে। এ ক্ষেত্রে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

লালমনিরহাটের উন্নয়ন প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, “লালমনিরহাটবাসী আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়েছে, আমি কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে চাই। সবাইকে নিয়ে এই জেলাকে একটি সমৃদ্ধ ও উন্নত জনপদে গড়ে তুলতে চাই।”

এর আগে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রী উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।