ঈদের দিন ঘুরতে বের হয়ে নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাব্বী মোল্যা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু রোমান গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বী মোল্যা নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে রাব্বী তার বন্ধু রোমান ও ভাগনে রেহানকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। বিকেলে নড়াইল শহরের দিকে ফেরার পথে ধোন্দা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রাব্বীর মৃত্যু হয়।
স্থানীয়রা গুরুতর আহত রোমানকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।