আবু বকর রায়হান
কথা বলা রোবট তৈরি করল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুই মাসের কম সময়ে তৈরি রোবটটির নাম রাখা হয়েছে ‘সিনা’। মাত্র ৩৭ হাজার টাকায় সিনাকে তৈরি করে সকলকে চমকে দিয়েছে দলটি। দুইজন সহপাঠীর সহযোগিতায় রোবটটি তৈরি করেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সনজিত মণ্ডল। দলটির দাবি— তাদের তৈরি রোবট সিনা মানুষের মতো কথা বলতে পারে। সঙ্গে সামনে-পিছনে— সবদিকে চলতে পারে।
রোবট সিনাকে ১০৫৩ লাইনের আর্ডুইনো কোড দ্বারা তৈরি করা হয়েছে। যাকে মোবাইল সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। রোবটটি তৈরি করতে সনজিতের সঙ্গে কাজ করেছিল পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র সাঈয়েদুর রহমান ও আইসিটি বিভাগের প্রথম বর্ষের ছাত্র জুয়েল নাথ। টিমের সদস্যরা বলেন, আমাদের স্বপ্ন ছিল রোবট তৈরি করার। সায়েন্স ক্লাবের মাধ্যমে সুযোগটি পাই আমরা। বার্ডের অর্থায়নে আমরা রোবটটি তৈরি করি। আমরা দুই মাসেরও কম সময়ে রোবট সিনাকে তৈরি করেছি। টিমের সহযোগী আইসিটি বিভাগের শিক্ষার্থী জুয়েল নাথ বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময় রোবট তৈরির কাজ করেছি। প্রায় সময় সারারাত কাজ করতে গিয়ে ছাদেই ঘুমিয়ে যেতাম। কড়া রোদে ঘুম ভাঙলে আবার রুমে যেয়ে কাজে লেগে যেতাম।
রোবট ‘সিনা’কে বর্তমানে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির লাইব্রেরিতে প্রদর্শনের জন্য রাখা হয়েছে।