লালমনিরহাটে বাস-ইজিবাইক সংঘর্ষ, আহত ৮

লালমনিরহাট জেলার শহরের ক্যান্টিন মোড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২২ মার্চ) সকালে জেলা শহরের বিজিবি ক্যান্টিন মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ইজিবাইকের চালকসহ আট যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পুলিশ, বিজিবি সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা চারজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।