রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপহৃত দুই বছরের এক শিশুকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
রোববার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশিদুল আলম।
পুলিশ জানায়, শনিবার দুপুরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার হৃদ্রোগ বিভাগ থেকে ফোজাইল নামে ওই শিশুকে চুরি করা হয়। সে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা মাজহারুল ইসলাম ও নুসরাত জাহান তাকিয়ার সন্তান।
ঘটনার পর রাতে শিশুটির পরিবারের মোবাইল ফোনে কল দিয়ে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি জানার পর র্যাব সদস্যরা মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।
শিশুটির মা নুসরাত জাহান তাকিয়া জানান, দুই দিন আগে শিশুটির নানা হাফেজ নাসির উদ্দিন (৬১) হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের তিনতলায় ভর্তি হন। তাদের বাসা খিলক্ষেত নিকুঞ্জ এলাকায়। গতকালও বেলা ১টার দিকে ছেলে ফোজাইলকে নিয়ে হাসপাতালে এসেছিলেন তিনি।
শিশুটির মা আরও জানান, দুপুরে ওয়ার্ডের ভেতর সবাই খাবার খাচ্ছিলেন। ফোজাইল ওয়ার্ডের ভেতরেই ছিল। হঠাৎ তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাৎক্ষণিকভাবে হাসপাতালের নিচে-ওপরে সব জায়গায় খুঁজেও ফোজাইলকে পাওয়া যায়নি। এরপর হাসপাতালের দায়িত্বরত আনসার ও পুলিশের সহযোগিতায় অনেক জায়গায় খোঁজ করা হয়।
এসআই রাশেদুল আলম বলেন, গত রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করেন র্যাব সদস্যরা। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আরও জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।