ভোলায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। 

রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—জয়গুন বিবি (৮০), তার ছেলে মো. কবির (৪০), আলাউদ্দিন (৪২), মো. রাকিব (৩৫) এবং পুত্রবধূ লিপি বেগম (৩০)। তাদেরকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থার কারণে জয়গুন বিবিকে পরে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত কবির হোসেন জানান, সকালে তারা পুকুর থেকে মাটি কেটে পারিবারিক কবরস্থানের উন্নয়ন কাজ করছিলেন। এসময় পূর্ববিরোধের জেরে স্থানীয় ফকরুল জমাদার ও তার সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে পরিবারের সদস্যরা গুরুতর আহত হন।

তিনি আরও অভিযোগ করেন, আহতদের হাসপাতালে নেওয়ার পরও হামলাকারীরা সেখানে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ফকরুল জমাদার পালিয়ে যান।

ঘটনার বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি। 

লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) জয়ধর জানান, ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।