ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানা পুলিশের এসআই জামিরুলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে সদর উপজেলার খাকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী মোঃ উবায়দুল্লাহকে মারধর করে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
দপ্তরীর পকেটে ইয়াবা রেখে মাদক মামলায় গ্রেফতার করার ভয় দেখিয়ে আড়াই হাজার টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে পুলিশের ওই কর্মকর্তা বিরুদ্ধে।
সোমবার এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দেন নির্যাতনের শিকার ওই দপ্তরী। এরপর রাতেই এসআই জামিরুলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
জেলা পুলিশ সূত্র জানিয়েছে, পাশাপাশি জামিরুলের বিরুদ্ধে দেওয়া অভিযোগেরও তদন্ত চলছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির এই অভিযোগের তদন্ত করছেন।
জানা যায়, এসআই জামিরুলের নেতৃত্বে মোট ৬ জনের একটি পুলিশ দল গত ৩ আগস্ট রাত ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের খাকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দপ্তরী কাম নৈশ প্রহরীকে নির্যাতন করে। এতে তার কানের পর্দা ফেটে যায়। পরে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে নৈশ প্রহরীর বাবার কাছ থেকে আড়াই হাজার টাকা নিয়ে চলে আসে পুলিশ দলটি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত
এসআই জামিরুল সদর থানায় যোগদান করার পর থেকে আলোচিত হয়ে উঠেন মাদকে ফাসিয়ে টাকা আদায় করার জন্যে। তার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে অনেক।
ইত্তেফাক/নূহু