তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোমল পানীয়র বোতলের ক্যাপ ছোড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন— মো. রাব্বি (২২), মো. ওবাইদুল্লাহ (৩০), জনি শেখ (২০), শারুফ শেখ (২০), জাহাঙ্গীর আলম (৪৫), মো. শফিউদ্দিন (৬৫) ও ওবাদুল্লাহ শেখ (৫৫)।
এদের মধ্যে গুরুতর আহত রাব্বি, জনি ও শারুফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বেড় কালোয়া মোড়ে এক ব্যক্তি কোমল পানীয় পান করে বোতলের ক্যাপ ছুড়ে মারেন। সেটি অন্য একজনের মাথায় লাগলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরে মারধরের ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে।
তবে বিকেল সাড়ে ৫টার দিকে পূর্বের ঘটনার জেরে এক পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ৭ জন গুলিবিদ্ধ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কৃষিজমিতে শতাধিক মানুষ দৌড়াদৌড়ি করতে থাকেন। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা, ঢাল, হেলমেটসহ আগ্নেয়াস্ত্র ছিল।
আহত জনি শেখ জানান, তারা মসজিদ এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন, এ সময় কয়েকশ লোক অস্ত্র নিয়ে হামলা চালায়। অন্য আহত রাব্বি অভিযোগ করেন, প্রতিপক্ষ পরিকল্পিতভাবে গুলি চালিয়েছে এবং তার শরীরে একাধিক ছররা গুলি লেগেছে।
পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।