পাবনায় কৃষকের ১ হাজার কলাগাছ কেটে ফেললো দূর্বৃত্তরা 

পাবনার সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জেরে হাফিজুল ইসলাম ( ২৮) নামে এক কৃষকের ৫০ শতাংশ জায়গায় উপর চাষ করা শবরি কলা বাগানের প্রায় ১ হাজারটি কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (২১ মার্চ) রাতে ঘটনাটি ঘটেছে সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের পুস্পপাড়া গ্রামে। পুষ্পপাড়া গ্রামের হাকিম খাঁর ছেলে হাফিজুল ইসলামের জমির পাশে ক্যানালপাড়ে ৫০ শতাংশ জমিতে প্রায় এক হাজার শবরি কলার গাছ রোপন করেছিলেন।

কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো ভুক্তভোগীকে প্রণোদনা বা কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করার। 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর মোবাইল টিম ঘটনাস্থলে যায় । ঘটনাটি কে ঘটিয়েছে এমন তথ্য কৃষকসহ কেউ দিতে পারেনি। আমাদের  তদন্ত অব্যাহত রয়েছে।