প্রাদেশিক থেকে ফেডারেলে, নতুন লড়াইয়ে ডলি বেগম

কানাডায় বাংলাদেশি কমিউনিটির গর্বের নাম হিসেবে পরিচিত ডলি বেগম আবারও আলোচনায়। স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে টানা তিনবার এমপিপি নির্বাচিত হওয়ার পর এবার তার লক্ষ্য ফেডারেল পার্লামেন্টে এমপি হওয়া।

এই লক্ষ্যকে সামনে রেখে তার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। রোববার (২২ মার্চ ২০২৬) দুপুরে টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট এলাকায় তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রচারণা শুরু হয়।

জমজমাট এ অনুষ্ঠানে তিনজন কেন্দ্রীয় মন্ত্রী, একাধিক সংসদ সদস্য (এমপি) এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক মন্ত্রী বিল ব্লেয়ারের পদত্যাগে শূন্য হওয়া এই আসনে আগামী ১৩ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগে প্রাদেশিক রাজনীতিতে এনডিপির সঙ্গে যুক্ত থাকলেও ডলি বেগম এবার ফেডারেল রাজনীতিতে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতারা প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বকে শক্তিশালী করতে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ডলি বেগমকে নির্বাচিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি প্রাদেশিক ও ফেডারেল রাজনীতির এক মিলনমেলায় পরিণত হয়। এতে উপস্থিত ছিলেন জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনান্দাসাঙ্গারি, আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মণিন্দর সিধু, পররাষ্ট্রবিষয়ক সংসদীয় সচিব রব অলিফ্যান্ট, নারী ও লিঙ্গসমতা মন্ত্রী এবং ক্ষুদ্র ব্যবসা ও পর্যটন প্রতিমন্ত্রী রেচি ভালদেজসহ আরও অনেকে।
এ ছাড়া সংসদ সদস্য করিম বারদেসি, লেসলি চার্চ, জেনিফার ম্যাকভি, সিমা আখতার, সালমা জাহিদ, নাথানিয়েল আরস্কাইন-স্মিথ, ক্রিস্টিনা টেসার ডার্কসেন ও জেমস ম্যালোনিসহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

তারা সবাই আনন্দঘন পরিবেশে ডলি বেগমকে অগ্রিম অভিনন্দন জানিয়ে বলেন, প্রাদেশিক সংসদ থেকে তাকে অটোয়ার কেন্দ্রীয় সংসদে সহকর্মী হিসেবে পাওয়ার প্রত্যাশা করছেন। বক্তারা আরও বলেন, পার্লামেন্টারিয়ান হিসেবে গত আট বছরে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কাজে লাগবে।

ডলি বেগম একান্ত সাক্ষাৎকারে তার রাজনৈতিক যাত্রা, সংগ্রাম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, কমিউনিটির সমর্থনই আমার শক্তি। আমি চাই এই আসন থেকে জয়ী হয়ে আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করতে।