শাওয়ালের ৬ রোজা কি টানা রাখতে হবে?

শুরু হয়েছে শাওয়াল মাস। এ মাসের বিশেষ কিছু আমলের মধ্যে অন্যতম হলো ছয়টি নফল রোজা। হাদিস অনুযায়ী, এই রোজাগুলো রাখলে মিলবে সারা বছর রোজা রাখার সওয়াব।

নবী করিম (সা.) নিজেও এই রোজা রাখতেন এবং সাহাবিদেরও নির্দেশ দিতেন। নবীজি (সা.) বলেছেন, ‘যে রমজানের রোজা পূর্ণ করে, অতঃপর শাওয়ালের ছয় রোজা রাখে—সে যেন সারা বছর রোজা রাখল।’ (সহিহ্ মুসলিম: ২৬৪৮)

অর্থাৎ কেউ যদি পুরো রমজানে রোজা রেখে তারপর শাওয়ালের এই ছয় রোজা রাখে, তবেই পূর্ণ এক বছর নফল রোজা রাখার সওয়াব লাভ হবে। আলাদাভাবে শাওয়াল মাসের ছয়টি রোজায় কিংবা পুরো রমজানের রোজায় এক বছর নফল রোজার সওয়াব দেওয়া হবে না।

ইসলামি বিশেষজ্ঞদের মতে, শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যেকোনো ছয় দিনে রোজা রাখলেই উল্লিখিত সওয়াব লাভ করা যাবে। লাগাতার ছয় দিন রোজা রাখা যাবে। আবার মাঝে বিরতি দিয়েও রাখা যাবে।