ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতু, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনোই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে না।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় হাজারীবাগ থানা বিএনপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী দাবি করেন, সাম্প্রতিক সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায় বিএনপিকে সমর্থন দিয়েছে। তার ভাষায়, “হিন্দু সম্প্রদায় আমাদের দলকে মন থেকে গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, বিএনপি ও সরকার উভয়ই সম্প্রীতিতে বিশ্বাস করে এবং দেশের প্রতিষ্ঠাতা নেতা জিয়াউর রহমান সম্প্রীতির রাজনীতি করে গেছেন।

স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের সন্তান। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই এলাকার গ্যাস, পানি বা অন্যান্য সমস্যা থাকলে জানাবেন—পর্যায়ক্রমে সমাধান করা হবে।”

মন্ত্রী দেশের সামগ্রিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং সমতল-পাহাড়ি—সবাই মিলে আমরা একটি সম্প্রীতির দেশ গড়ে তুলব।”

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়রা তার কাজের প্রশংসা করেন। হিন্দু সম্প্রদায়ের কয়েকজন নারী জানান, তিনি সংসদ সদস্য হওয়ার পর তারা নিজেদের বেশি নিরাপদ মনে করছেন।

শেষে মন্ত্রী আশ্বাস দেন, এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।